স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ জুন: “তৃণমূল কংগ্রেসের মধ্যে গভর্ণর ম্যানিয়া, গভর্নর ফোবিয়া শুরু হয়েছে। গভর্নকে নিয়ে ভূত দেখছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। কারন গভর্ণর জগদীপ ধনকর রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের হিংসা আর সন্ত্রাসের সত্য ঘটনা তুলে ধরছে যা সহ্য করতে পারছে না তৃনমূল কংগ্রেস।” উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এমন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস হিংসা আর সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। এটা সংবাদমাধ্যম তুলে ধরছে না। আমাদের যেতে দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে। তাই আমরা রাজ্যপালের কাছে রাজ্যের এই হিংসার ঘটনা তুলে ধরার জন্য আবেদন করেছিলাম। রাজ্যপাল বাইরে বেড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখে সত্য ঘটনা তুলে ধরেছেন। আর তাতেই রাজ্যপাল ফোবিয়া হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের। রাজ্যে একটা স্বৈরাচারী শাসন চলছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

