গাজোলে ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হল ওয়াটার এটিএম পরিষেবা

আমাদের ভারত, মালদা, ২২ ফেব্রুয়ারি: গাজোল ব্লকের গাজোলে ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হল ওয়াটার এটিএম পরিষেবা। পাঁচ টাকার কয়েন মেশিনে ফেললেই বেরিয়ে আসবে এক লিটারের জলের পাউচ। মঙ্গলবার দুপুরে গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ওয়াটার এটিএম পরিষেবা চালু করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু , গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ সংশ্লিষ্ট পঞ্চায়েতের কর্তারা।

উল্লেখ্য, মালদা জেলায় ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম গাজোল ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হল ওয়াটার এটিএম পরিষেবা। যেখানে ৫ টাকার কয়েন ফেললে বেরিয়ে আসবে এক লিটারের জলের পাউজ। ১০ টাকার কয়েনের বিনিময়ে মিলবে দুই লিটারের জলের পাউচ এবং ১৫ টাকায় মিলবে ২০ লিটারের জার বন্দি পরিস্রুত পানীয় জল। সস্তা এবং পরিস্রুত পানীয় জল পরিষেবার চাহিদা মেটাতে গাজোল ১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

এদিন সংশ্লিষ্ট পঞ্চায়েত সংলগ্ন এলাকাতেই ওই ওয়াটার এটিএম মেশিন বসানো হয়। গাজলের বিধায়কয চিন্ময় দেব বর্মণ জানিয়েছেন, সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছে। সামনেই গরমের মরসুম। পঞ্চায়েত দপ্তরের বহু মানুষ নানান কাজে প্রতিদিন আসেন। মানুষের তৃষ্ণা মেটাতে এই ওয়াটার এটিএম পরিষেবার মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পাবেন। এতে অনেকটাই সাধারণ মানুষের জলকষ্টের সমস্যা মিটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *