আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ ফেব্রুয়ারি: আগামী রবিবার টাকি পৌরসভার নির্বাচন। এই পৌর নির্বাচনের আগে টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে।

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছিল কুলু পাড়া এলাকায়। গতকাল অর্থাৎ সোমবার রাতে দলীয় কর্মসূচি সেরে যে যার মত বাড়ি চলে যায় বিজেপি কর্মীরা। আজ সকালে এসে দেখে অস্থায়ী কার্যালয় একেবারে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ওয়ার্ডের একাধিক জায়গায় বিজেপির ফেস্টুন প্ল্যাকার্ড ও দলীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিকার চেয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা।

