সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুন: ঝালদায় উপ নির্বাচনের শেষ বেলায় উত্তাপ ছড়িয়ে পড়ল। এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রচারের সময়সীমা পেরিয়ে রাতের অন্ধকারে নির্বাচনী প্রচার করার অভিযোগ উঠল ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।
কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দুর অভিযোগ, “শনিবার রাতে তৃণমূল প্রার্থী ভোট প্রচার করেছেন। বিধি বঙ্গ করেছেন তিনি।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক। ঝালদা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনকে ঘিরে এভাবেই জমজমাট হয়ে উঠেছে, কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

ইতিমধ্যেই এই উপ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রচারও সেরে ফেলেছে কংগ্রেস, তৃণমূল ও বিজেপি। তৎপর রয়েছে জেলা পুলিশ ও প্রশাসন।
এই উপ উপনির্বাচনে ঝালদায় মোতায়েন থাকছেন ৩ জন ডিএসপি পদমর্যাদার অফিসার, ৫ জন ইন্সপেক্টর এবং ১৫০ পুলিশ কর্মী। ঝালদা উচ্চ বিদ্যালয়ে দুটি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। সেখানে এক একটি বুথে মোতায়েন থাকবে ১ জন সাব ইন্সপেক্টর, ৪ জন বন্দুকধারী ও ৪ জন লাঠিধারী পুলিশ।

অন্যদিকে, ঝালদার আইসি সঞ্জীব ঘোষকে পাঠানো হয়েছে সাময়িক ছুটিতে। তার জায়গায় এই উপ নির্বাচন সামলাবেন সিআই পার্থ সারথি সিং।
ঝালদা ২ ওয়ার্ডে মোট ভোটার ১৩৭৯, পুরুষ- ৬৮৩, মহিলা – ৬৯৫। ২৭ ফেব্রুয়ারি ভোট হয় পুরসভার এই ওয়ার্ডে। তখনই নজর কেড়েছিল ঝালদা পৌরসভার এই ওয়ার্ড। এখানে পুরভোটের ময়দানে কংগ্রেসের প্রার্থী কাকা তপন কান্দু। বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী ভাইপো দীপক কান্দু। সেবার ১২৭ ভোটে জিতেছিলেন তপন। দুষ্কৃতীরা তপনকে গুলি করে হত্যা করায় এখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

