বনগাঁয় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জুন: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে প্রাণ গেল এক ছাত্রের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ার ঢাকুরিয়া সুকান্ত পল্লি এলাকায়।

মৃত ছাত্রের নাম দেবেশ মণ্ডল। মায়ের মৃত্যু হয়েছে অনেক দিন আগেই। বাবা ভিন রাজ্যে কাজ করেন। দাদু ঠাকুমার কাছেই বড় হয়ে উঠছিল দেবেশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দেবেশ তার চার বন্ধুদের নিয়ে স্থানীয় একটি বাওড়ে স্নান করতে নামে। বন্ধুদের জলে ঝাঁপাঝাঁপি করতে দেখে সেও বাওড়ে ঝাঁপ মারে। সাঁতার না জানায় দেবেশ জলে তলিয়ে যায়। অন্যান্য বাচ্চাদের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার দেহ ভেসে ওঠে। এরপর তাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, ছোটবেলায় মা হারিয়েছে দেবেশ। বাবা দ্বিতীয় বিয়ে করে কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন। সুকান্ত পল্লীতে দেবেশ তার দাদু ঠাকুমার কাছে থাকত। ছাত্র হিসাবে ভালই ছিল সে। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *