দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

জয় লাহা, দুর্গাপুর, ২৫ জুন: কলেজ হোস্টেলের বাথরুমে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল শিল্পশহর দুর্গাপুরে। 

পুলিশ সুত্রে জানা গেছে, মৃতার নাম শৌর্য্যা ভারতী (২০)। বিহারের বৈশালীর বাসিন্দা। দুর্গাপুর বিধাননগরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স টেলি কমিউনিকেশনের তৃতীয় বর্ষের ছাত্রী। কলেজ সুত্রে জানা গেছে, শুক্রবার কলেজের পরীক্ষা ছিল। এদিন পরীক্ষা দিয়ে দুপুর ১টার সময় হোস্টেলে আসে সে। দুপুর আড়াইটার সময় ফোনে পরিবারের সঙ্গে কথাও বলে শৈর্য্যা। তারপর সন্ধ্যা নাগাদ বাথরুমে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর বিধাননগর ফাঁড়ির পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কলেজে পৌঁছায় মৃতার পরিবারের লোকজন। শৈর্য্যার স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি পরিবারের। তারা পুলিশের কাছে ঘটনার তদন্তর দাবি জানিয়েছে।

কলেজে কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটি এই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। এদিন কলেজে তার একটি পরীক্ষা ছিল সে পরীক্ষাও দিয়েছিল। কলেজ থেকে ফিরে হোস্টেলে এসে লাঞ্চও করেছিল স্বাভাবিক ভাবেই। এরপর বিকালে চা খাওয়ার সময় হয়ে গেলেও ওর সামনের রুমে যারা থাকে তারা ওকে দেখতে পায়নি। তারপর বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। তারপর ছাত্রীর পরিবার সহ পুলিশে খবর দেওয়া হয়। ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *