জয় লাহা, দুর্গাপুর, ২৫ জুন: মুখ্যমন্ত্রীর সফরের আগে নবরূপে সংস্কার হল দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু ও বার্ণ ইউনিট। প্রসঙ্গত, সোমবার শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার বিকেলে হাসপাতালের ওই দুটি ওয়ার্ড নতুন করে সংস্কার করে উদ্বোধন করা হয়। ওয়ার্ড দুটির উদ্বোধন করেন আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম।
উল্লেখ্য, দুর্গাপুর মহকুমা হাসপাতালটি ২৮৪ শয্যার হলেও প্রায় সাড়ে ৩০০ রোগী ভর্তি থাকে। বহির্বিভাগে দৈনিক গড়ে আড়াই হাজার রোগী চিকিৎসা করাতে আসে। স্বাভাবিকভাবে রোগীর চাপ রয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের শিশু ও বার্ন ওয়ার্ড বেহাল দশায় ছিল। সম্প্রতি হাসপাতালের ওই ওয়ার্ড দুটির সংস্কার করা হয়। এই ওয়ার্ড দুটির মধ্যে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০টি ও বার্ণ ইউনিটে পুরুষ ও মহিলা মিলিয়ে বেডের সংখ্যা দাঁড়ালো ৮টি। পাশাপাশি এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের নতুন প্রশাসনিক ভবনেরও উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতাল সুপার ডঃ ধীমান মন্ডল, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ।
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান, “দুর্গাপুরের ব্যবসায়ীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই সংস্কারের কাজে। তবে এখনও কাজ সম্পূর্ণ হয়নি। কিছু কাজ এখনও বাকি আছে। যেমন শিশুদের ওয়ার্ডটিকে শীতাতপ নিয়ন্ত্রিত করার সঙ্গে মিউজিক সিস্টেম চালু করা হবে। দুই বর্ধমান ছাড়াও হাসপাতালে আশেপাশের বীরভূম, বাঁকুড়া জেলা থেকে প্রতিদিন প্রচুর রোগী আসে। হাসপাতালের ওপর চাপ বাড়ছে। তাই আরো উন্নত পরিষেবা দিতে আগামী দিনে আরও পরিকল্পনা নেওয়া হচ্ছে।”

