স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ জানুয়ারি: করোনা সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে রায়গঞ্জ পুর এলাকাতে। সোমবার রায়গঞ্জ পুরসভা এলাকায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৬। সোমবার রায়গঞ্জ পুরসভার ৫, ৭ ও ১৫ নম্বর ওয়ার্ডকে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ১০ জন শিক্ষিকা ও কর্মী আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে রায়গঞ্জ পুর এলাকাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। সোমবার পর্যন্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও ল্যাব কর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৬।
মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, “সোমবার পর্যন্ত মেডিক্যাল কলেজে আক্রান্তের সংখ্যা ২৬। আমরা রোটেশন পদ্ধতিতে চিকিৎসকদের দ্বায়িত্ব দিয়েছি। পরিকাঠামোর কোনো অভাব নেই। অন্যদিকে রায়গঞ্জ পুর এলাকাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার পুর এলাকাতে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৬ জন।

পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “পরিস্থিতি খতিয়ে দেখে ৫, ৭ ও ১৫ নম্বর ওয়ার্ডে তিনটি মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছে। এনিয়ে শহরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়ালো ১৮ তে।

অন্যদিকে করোনায় আক্রান্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী। আর তার জেরেই বন্ধ করে দেওয়া হল রায়গঞ্জ গার্লস হাই স্কুল। স্কুলের তরফ থেকে এই বিষয় নিয়ে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়। এদিন স্কুলের শিক্ষা কর্মীকে স্কুলে তালা লাগিয়ে দিতে দেখা যায়।রাজ্যজুড়ে সর্বত্র আক্রান্ত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। এবার করোনার কারণে বন্ধ করে দেওয়া হল রায়গঞ্জের গার্লস স্কুল। রায়গঞ্জ শহরে এমন ঘটনা নিয়ে স্বাভাবতই উদ্বেগ বাড়ছে।

