আমাদের ভারত, ১০ জানুয়ারি:পাঞ্জাবে প্রধানমন্ত্রী কনভয়ে আটকে পড়ার ঘটনার তদন্তে চার সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করল দেশের শীর্ষ আদালত। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। এছাড়াও কমিটির বাকি তিন সদস্য হিসেবে থাকছেন চন্ডিগড়ের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, জাতীয় তদন্ত সংস্থা এন আই এর আই জি এবং হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা ছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিরাপত্তা বিপর্যয়ের ঘটনা ইতিমধ্যে যেসব তদন্ত শুরু হয়েছিল তাও বন্ধ করার নির্দেশ দিয়েছে।
গত বুধবার পাঞ্জাবে একটি জনসভায় যাওয়ার পথে কৃষকদের বিক্ষোভের কারণে মোদীর কনভয় প্রায় কুড়ি মিনিট আটকে থাকে একটি ব্রিজের ওপর। এই ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনার জন্য পাঞ্জাব সরকারের গাফিলতির কথা বলেছে। অন্যদিকে পাঞ্জাব কংগ্রেস সরকার বক্তব্য , স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলনের কারণে এই ঘটনা ঘটেছে। এতে পাঞ্জাব সরকারের কিছুই করার ছিলনা।
যদিও এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল পাঞ্জাব প্রশাসন। কিন্তু সুপ্রিমকোর্ট সোমবার জানিয়ে দেয় মোদীর নিরাপত্তা বিপর্যয়ের অন্য কোনো তদন্ত চালু রাখার প্রয়োজন নেই।
প্রধান বিচারপতি এন ভি রামান্না জানান, পাঞ্জাবের ডিজি এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারেন সুপ্রিমকোর্টের কাছে। সোমবার এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, প্রধানমন্ত্রীর সফর অনেকদিন আগে থেকেই পরিকল্পিত ছিল। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে যাতে কোনো রকম বিপত্তি না তৈরি হয় সেটা দেখার কথা ছিল রাজ্য সরকারের। তারা সেই দায়িত্ব পালন করেননি। এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের গাফিলতি। কিন্তু পাঞ্জাব সরকার সেদিন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের বাঁচানোর চেষ্টা করছে।

