পিকের টিমের সাথেই বিজেপি নেতৃত্বের গোপন যোগ, স্বীকার বিজেপি রাজ্য নেতার

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১০ জানুয়ারি: দক্ষিণ ২৪ পরগনায় প্রশান্ত কিশোরের দলের সাথে গোপনে যোগাযোগ রয়েছে বিজেপি নেতার। সেই যোগাযোগের কথা নিজে মুখেই স্বীকার করেছেন বিজেপির রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

রবিবার রাতে জেলা সভাপতি, জেলার ইনচার্জ ও রাজ্য কমিটির সদস্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এ কথা স্বীকার করেছেন অমিতাভ চক্রবর্তী। এরপর থেকেই দলের এই নেতার উপর যথেষ্ট ক্ষুব্ধ বিজেপির জেলা স্তরের নেতৃত্বরা। দলের সংগঠনের সমস্ত গোপন তথ্য তৃণমূল শিবিরে পাচার হয়ে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূলের কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে বিজেপি। বিজেপির এই ভরাডুবির পেছনে পিকের টিমের যে গেম প্ল্যান রয়েছে তা কার্যত স্বীকার করেছেন সব রাজনৈতিক মহল। বিজেপির অনেক মাথার নেতাদের সাথেই যে প্রশান্ত কিশোরের যোগাযোগ ছিল তা নিয়ে কানাঘুষোও কম হয়নি। এবার সেই ধরনের কথাই প্রকাশ্যে এল।

রবিবার রাত ন’টা থেকে বিজেপির জেলা সভাপতি, জেলা ইনচার্জ ও রাজ্য কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক ছিল সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে। সেই সভা চলাকালীন বিজেপির সাংগঠনিক পরিকাঠামো কতটা মজবুত তা দলের কর্মীদের বোঝাতে গিয়ে অমিতাভ বাবু বলেন, “পিকের টিমের মাথার লোকেদের সাথে আমার যোগাযোগ আছে। তাঁরাই বলেছেন বিজেপির সাংগঠনিক পরিকাঠামো ভীষণ মজবুত।” এই কথা শোনার পর থেকেই বিজেপির জেলা স্তরের নেতৃত্বের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে। যতটা না নিজেদের দলের সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী শুনে নিজেরা আনন্দিত হয়েছেন, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন দলের রাজ্য নেতার সাথে প্রশান্ত কিশোরের দলের যোগাযোগের খবর শুনে। এই ধরনের নেতৃত্বের জন্যই দলের ভরাডুবি হয়েছে বলে দাবি জেলা নেতৃত্বের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক জেলা স্তরের নেতা বলেন, “এই ধরনের নেতৃত্বের জন্যই বিজেপিকে হারতে হয়েছে বিধানসভা নির্বাচনে। ভোটের পর থেকে দলের বহু কর্মী এখনও ঘরছাড়া। তৃণমূলের সাথে লড়াই করার জন্য ঘরবাড়ি, কাজ কর্ম হারিয়ে কেউ কেউ এখনও দলীয় কার্যালয়ে মাথা গুঁজে রয়েছেন আর দলের নেতারা গোপনে তৃণমূলের লোকেদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছেন। কিচ্ছু বলার নেই! এরকম চলতে থাকলে কোনও দিনই বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না।”

যদিও এ বিষয়ে এদিন অমিতাভ বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। একাধিকবার ফোন করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফোন দীর্ঘক্ষণ সুইচড অফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *