বালুরঘাটে তৃণমূল নেতার ফেসবুক পেজ থেকে ধারাবাহিক বিজেপির পোস্ট, উদ্বিগ্ন স্বপন বর্মন, অবাক বিজেপির নেতারা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ জানুয়ারি: তৃণমূল নেতার ফেসবুক পেজ থেকে ধারাবাহিক বিজেপির পোস্ট। তুমুল চাঞ্চল্য বালুরঘাটে। তবে কি বিজেপিতে যাচ্ছেন বালুরঘাট ব্লকের ওই তৃণমূল নেতা স্বপন বর্মন? যে প্রশ্ন নিয়ে সোমবার সকাল থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। যদিও ওই তৃণমূল নেতা স্বপন বর্মনের দাবি নিজের অজান্তেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজেপির ওই সমস্ত পোস্ট হয়েই চলেছে। আর যাকে ঘিরে সকাল থেকে তিনি নিজেও যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন।

জানাগেছে, বালুরঘাটের চিঙ্গিশপুরের ঘুঘুডাঙ্গার বাসিন্দা স্বপন বর্মন। বর্তমানে ওই অঞ্চলের তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। এর আগে তিনি বালুরঘাট যুব তৃণমূল সভাপতির পদও সামলেছেন। এদিন সকালে তাঁর ফেসবুক পেজ থেকেই বিজেপির প্রচার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কখনও দেখা যায় প্রধানমন্ত্রীর ছবি, কখনও বিজেপির রাজ্য সভাপতি আবার কখনো বিজেপির পদ্মফুলের ছবি পোস্ট করতে দেখা যায়। আর যাকে ঘিরেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যদিও ওই তৃণমূল নেতার দাবি তার ফেসবুকটি হ্যাক করা হয়েছে। তবে এব্যাপারে এখনো তিনি থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

এদিকে সাতসকালে ওই তৃণমূল নেতার এমন কর্মকান্ডে যথেষ্ট অবাক হয়েছেন বিজেপির নেতা কর্মীরাও। তাদের বক্তব্য, স্বপন বর্মন নামে কেউ তাদের দলে নেই। কেন তিনি এমন পোস্ট করছেন তা তাদেরও জানা নেই।

যদিও এই বিষয়ে স্বপন বর্মন বলেন, সকাল থেকে এমন ঘটনা নিয়ে তিনি নিজেও অবাক হয়েছেন। কেউ হ্যাক করেছে তার ফেসবুক অ্যাকাউন্টটি। দলের সঙ্গে আলোচনা করে পুলিশের পরামর্শ নেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *