পুর কর্মীদের মধ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ জারি বালুরঘাট পুরসভায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ জানুয়ারি: পুর কর্মীদের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর যার জেরে এবার জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ জারি করলো বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে বালুরঘাট পুরসভা চত্বরে এমন বিধিনিষেধ আরোপ করতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাকে ঘিরে উদ্বিগ্ন পুর কর্মীরা।

খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে পৌরসভায় ঢুকতে বাধা দওয়া হয় বলেও অভিযোগ। এদিন সকাল থেকে পুরসভার জারি করা এমন আচমকা ফতোয়াতে কিছুটা বিপাকে পড়েন সাধারণ মানুষ। যদিও পরবর্তীতে জনসাধারণের সুবিধার্থে পুরসভার গেটেই একটি অস্থায়ী ভাবে অফিস তৈরি করা হয়েছে। আর সেখানেই নিজেদের দাবি দাওয়া ও অভিযোগ পত্র সহ নানা কাগজপত্র জমা দিয়েছেন সাধারণ মানুষ।

বালুরঘাট পৌরসভার এক কর্মী কার্তিক দাস জানিয়েছেন, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই সাধারণ মানুষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ প্রয়োজন হলে সেটি বিশেষ ভাবে দেখা হচ্ছে। কেন না ইতিমধ্যে পুরসভার ৪ জন কর্মী করোনা পজিটিভ হয়েছে। বাকি আরো অনেকের রিপোর্ট আসা বাকি রয়েছে।

এদিন পুরসভায় আসা এক বাসিন্দা সুলেখা সরকার জানিয়েছেন, বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুরসভার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *