গোসাবায় শান্তিতে সম্পন্ন হল ভোটগ্রহণ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩০ অক্টোবর: গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের অকাল প্রয়াণের কারণে দক্ষিণ ২৪ পরগনার এই বিধানসভা কেন্দ্রে শনিবার উপনির্বাচন পর্বের ভোটগ্রহণ সম্পন্ন হল। এই কেন্দ্রে প্রায় ২৩০০০০ ভোটার। ৩৩০ টি বুথে সকাল থেকে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় ১১৫০ জন রাজ্য পুলিশ দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। বিকেল তিনটে পর্যন্ত প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে।

সকাল থেকে কোথাও কোনও অশান্তির খবর মেলেনি এই কেন্দ্রে। বিজেপি প্রার্থী পলাশ রানা একাধিক বুথে তাঁদের এজেন্ট দিতে না পেরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। একের পর এক বুথে ছুটে বেড়িয়েছেন পলাশ রানা। সকালে নিজেই বেশ কিছু বুথে গিয়ে কয়েকজন এজেন্টকে বুথে বসিয়ে এসেছেন। তিনি বলেন, “শুক্রবার রাত থেকে তৃণমূলের সন্ত্রাসের কারণে বিজেপি কর্মীরা বুথে এজেন্ট হিসেবে ভয় পেয়েছে। অনেককেই প্রাণে মারার হুমকি দিয়েছে। চারিদিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।”

যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকায় বিজেপির সংগঠন সেভাবে নেই। নিজেরাই বুথে এজেন্ট দেওয়ার লোক পায়নি বলে দাবি তৃণমূলের।

অন্যদিকে এদিন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল সারাদিন রিলাক্স মুডেই কাটালেন। সকালে নিজের ভোট দিয়েই নদীবক্ষে ঘুরে বেরালেন। শুধুমাত্র কুমিরমারি ও আমতলি দ্বীপে গিয়ে কর্মীদের সাথে সামান্য সময়ের জন্য দেখা করে ফের লঞ্চে করে নদী ভ্রমণে বেরিয়ে পড়েন। তিনি বলেন, “গোসাবার মানুষ আমায় ভোট দিলেও তাঁদের সাথে আছি, না দিলেও তাঁদের সাথে আছি। আমি ওঁদের ঘরের ছেলে। তাই বিশ্বাস আছে গোসাবাবাসী আমায় নিরাশ করবে না।”

বিজেপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
“ভোটে এর জবার মানুষ দেবে। বিজেপি প্রার্থীর জামানাত জব্দ করে তাঁকে গোসাবা থেকে ছুঁড়ে ফেলে দেবেন গোসাবাবাসী।”

এদিন বিকেল তিনটে পর্যন্ত ৬৭.০২ শতাংশ ভোট পড়েছে গোসাবা বিধানসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *