কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে শেষ হল খড়দহ বিধানসভা উপনির্বাচন

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ অক্টোবর: আজ রাজ্যের ৪ কেন্দ্রে অনুষ্ঠিত হল উপ নির্বাচন। যার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল খড়দহ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে মূল লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী জয় সাহার মধ্যে। এই কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে। এদিন সকাল থেকে বিজেপি প্রার্থী জয় সাহা বুথে বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখন ও ভোটারদের সাথে কথা বলেন। এদিন ভোট কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

খড়দহ বিধানসভা কেন্দ্রের ১৯৪ এবং ১৯৫ নম্বর বুথে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিজপি প্রার্থী জয় সাহা। তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান তোলে তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে জয় সাহাকে সরিয়ে দেয়। জয় সাহা অভিযোগ করেন, ভোট কেন্দ্রের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার রয়েছে।

পাশাপাশি এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের পাল্টা অভিযোগ, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও প্রার্থী গাড়ি নিয়ে ঢুকতে পারে না। সেখানে তিনি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকেছেন। কুড়ি মিটার দূরে গাড়ি দেখলে তারা কমিশনে অভিযোগ করবে বলে জানায়। এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খড়দহ বিধানসভা কেন্দ্রের যুবক সংঘ ভোট কেন্দ্রে।

এদিন ঘোলা শশীভূষণ হাই স্কুলে উত্তেজনা ছড়ায়। এখানকার বুথের ভেতরে দু’জন নকল ভোটারকে হাতেনাতে পাকড়াও করে বিজেপি প্রার্থী জয় সাহা। এরপর অভিযুক্ত দুই জাল ভোটার পালানোর চেষ্টা করলে বিজেপি প্রার্থী দৌড়ে গিয়ে আবার তাদের ধরে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী জাল ভোট দেওয়ার জন্যই এই ভোটারদের ভোটকেন্দ্রে পাঠিয়েছিল। এদিন তিনি বলেন, “জাল ভোটার কার্ড নিয়ে চুরি করে ছাপা ভোট দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিটি বুথে একই কাজ হচ্ছে। আমাদের ভোটারকে ভয় দেখানো হচ্ছে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে না।”

অপর দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্যায়কে কল্যাণ নগর বিদ্যাপীঠ ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ভেতরে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এদিন তিনি বুথ থেকে বেড়িয়ে বলেন, “কেন্দ্রীয় বাহিনীর কোনও অধিকার নেই প্রার্থীকে আটকাবার, কিন্তু কেন এমন করছে তা জানি না।”

এদিন উত্তর দমদম বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে পাথর ছুঁড়ে আক্রমণ করার ঘটনা ঘটে খড়দহ বিধানসভা কেন্দ্র। তবে এই ঘটনার জন্য কোনও রাজনৈতিক দলের দিকে অভিযোগের আঙুল না তুলে তিনি বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সকালে সিপিএমের খড়দহ রহরা জোনাল কমিটির পার্টি অফিসে সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আসার পথে তাঁকে পাথর ছুঁড়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন তন্ময় ভট্টাচার্য।

এদিন খড়দহ কল্যাণ নগর বিদ্যাপীঠ স্কুলে বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জয় সাহা। পাশাপাশি তিনি শাসক দলের লোকেদের সাথে কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভোট কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের কর্মীরা জমায়েত করতে পারেন না। তৃণমূলের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার জন্য বসেছেন। তিনি এদিন তৃণমূলের কর্মীদের কাছে হাত জোড় করে নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলার অনুরোধ করেন। অপর দিকে তৃণমূল কর্মীরা জানায়, এরা সব ভোটার, ভোট দিতে এসেছে। সব মিলিয়ে এদিনের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া খড়দহ নির্বাচন ছিল শান্তি পূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *