সাথী দাস, পুরুলিয়া, ৩০ অক্টোবর: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার পুঞ্চার ভূতাম গ্রাম এলাকায়।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই দেহটি। ভূতাম গ্রাম সংলগ্ন একটি পলাশ বাগানের মধ্যে আনুমানিক ২৫ বছর বয়সী ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল। ঘটনার খবর স্থানীয় পুঞ্চা থানায় তাঁরাই দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। এলাকায় ঘটনার কথা জানাজানি হতেই এলাকার বহু মানুষ ভিড় জমান সেখানে।

পুঞ্চা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় সহ মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পুঞ্চা এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায়।

