দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে বলে পান্ডবেশ্বরে তৃণমূল বিধায়ককে ফোনে হুমকি, ধৃত সাংবাদিক

জয় লাহা, দুর্গাপুর, ১৮ জুলাই: বিরোধী দলনেতার নাম করে তৃণমূল বিধায়ককে ফোনে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে বলে গ্রেফতার এক সাংবাদিক। ভোট দিলে আর্থিক সুযোগ দেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ। ভোট না দিলে, ইডি সিবিআই দিয়ে রোগড়ে দেওয়ার হমকিও নাকি দেওয়া হয়েছিল ওই তৃণমূল বিধায়ককে। অভিযোগ, এক বাংলা দৈনিকের সাংবাদিকের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সাংবাদিক সঞ্জয় সিং’কে গ্রেফতার করেছে। 

প্রসঙ্গত, আজ সোমবার দেশের রাষ্ট্রপতি নির্বাচন। ওই নির্বাচনে এনডিএ র প্রার্থী দ্রৌপদী মুর্মু। রবিবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলন করেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “গতকাল রাতে এক অজনা নম্বর থেকে সঞ্জয় সিং নামে একজন ফোন করেন। একটি বাংলা দৈনিকের সাংবাদিক পরিচয় দেন। ফোনে বিরোধীদলনেতা কথা বলতে চায় বলে প্রথমে জানান। তারপর দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার জন্য বলেন এবং আর্থিক অফার দেন।” নরেন্দ্রনাথবাবু বলেন, “সাংবাদিকরা এরকম ঘোড়া কেনাবেচার দালালের কাজ করবে, তাতে আমি স্তম্ভিত। নিজেকে অপমানিত বোধ করছি।”

তিনি বলেন,” প্রস্তাব অস্বীকার করলে নানান হুমকি দেয়। ইডি ও সিবিআই দিয়ে রগড়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। যেভাবে একজন জনপ্রতিনিধিকে ভয় দেখানো হচ্ছে, চমাকানো হচ্ছে তাতে আমি ভীত সন্ত্রস্ত। তাই গোটা বিষয়টি নিয়ে পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।” লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই দুর্গাপুরের ইস্পাত নগরীর থেকে অভিযুক্ত সাংবাদিক সঞ্জয় সিংকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে খনি অঞ্চলে কয়লা পাচার চক্রের তদন্তে সক্রিয় সিবিআই। ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা ইসিএলের একাধিক জিএম গ্রেফতার হয়েছে। তার মধ্যে তৃণমূল বিধায়কের অভিযোগ নিয়ে বিস্তর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন সাংবাদিক তার সাংবাদিকতার স্বত্ত্বায় কি প্রশ্ন করেছেন, বা কি বলেছেন জানার বিষয় নয়। তবে যেভাবে কয়লা পাচারচক্রে সিবিআইয়ের জালে একের পর এক ইসিএলের জিএম ধরা পড়ছে, তাতে তৃণমূল বিধায়ক ডাক পাওয়ার আগে নাটক করছেন বলে মনে হয়।”

এদিন ধৃত সাংবাদিককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পান্ডবেশ্বর থানার পুলিশ জানিয়েছে, ‘ঘটনার তদন্ত চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *