জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে মঙ্গলবার জেলা শহর মেদিনীপুরের পাটনা বাজারের বন্ধন লজে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার বিশ্বনাথ পাণ্ডব, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: ভুবন চন্দ্র হাঁসদা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড: বিবেকানন্দ চক্রবর্তী সহ প্রচেষ্টা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যরা।

মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন করোনাকালীন পরিস্থিতি সহ লকডাউন এবং তার পরবর্তী পরিস্থিতিতে জেলার পাশাপাশি
রাজ্যজুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছে। সংগঠন সূত্রে জানা গেছে, মঙ্গলবার শুধু রক্তদান শিবির নয় পাশাপাশি থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা এই বছর প্রথম শুরু হল। প্রায় ৮০ জন এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন। প্রচেষ্টা ফাউন্ডেশনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

