রায়গঞ্জ পুর এলাকায় লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ জানুয়ারি: রায়গঞ্জ পুর এলাকায় লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় পুর এলাকায়
নতুন করে আক্রান্তের সংখ্যা ৯ জন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আবেদন জানিয়ে শহরজুড়ে মাইকিংয়ের কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। শুরু হয়েছে বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশনের কাজ।

পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “পরিস্থিতির কথা বিবেচনা করে রায়গঞ্জ পুরসভার ১১, ১২, ১৯ ও ২৭ নম্বর ওয়ার্ডকে মিনি কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই ওয়ার্ডগুলিতে একই বাড়ির দু’জন করে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ পূর্ব নেতাজীপল্লী, হাইরোড-কালীতলা, উকিল পাড়া ও দেবীনগর এলাকার একাংশ এই জোনের অন্তর্ভুক্ত। এই এলাকাগুলিতে সরকারি বিধিনিষেধ মেনে চলার আবেদন জানিয়ে প্রচার শুরু হয়েছে পুরসভার পক্ষ থেকে।

অন্যদিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই জন ল্যাব টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু বারংবার আবেদন সত্ত্বেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। এই পরিস্থিতিতেও মাস্ক ছাড়াই পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। তাই পুর প্রশাসনের পাশাপাশি সচেতনতা অভিযানে নামলেন রায়গঞ্জের মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ। মঙ্গলবার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় মহকুমা শাসকের নেতৃত্বে চলে প্রচারাভিযান। কখনও গাড়িতে বসে, কখনো বা গাড়ি থেকে নেমে মানুষকে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার আবেদন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *