জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ৪ জানুয়ারি: ‘টাইম মেক-আপ’ করতে গিয়ে, উল্টো রুটে যাওয়ার প্রবণতা। সাত সকালে তার মাশুল, যাত্রীবাহী বাসের সঙ্গে কন্টেনারের ধাক্কা। ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে ২০ জন। যার মধ্যে ৪ জন গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের ওপর বুদবুদের ধরলা মোড়ে। খবর পেয়ে পুলিশ আহতদর উদ্ধার করে প্রথমে পানাগড় গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।
ঘটনায় জানা গেছে, বাবুইজোড়- বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস পানাগড় বাজার থেকে রেল ওভারব্রিজের কাছে ১৯ নং জাতীয় সড়কের উল্টো রুটে ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রন রাখতে না পেরে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনারের মুখে ধাক্কা মারে। তাতেই ঘটে বিপত্তি। প্রায় ৩০ জনের মত যাত্রী ছিল বাসটিতে। ২০ জনের মত যাত্রী কমবেশী আহত হয়। বাসের কেবিনে থাকা যাত্রীরা গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে পানাগড় গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। যার মধ্য ৪ জন যাত্রী গুরুতর জখম হয়েছে। যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আহত বাস যাত্রী শেখ আশরফ জানান,” রং রুটে যাওয়ার ফলে দুর্ঘটনা। বাস বোঝাই যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়তে হল।” প্রশ্ন, কেন এই উল্টো রুটে যাওয়ার প্রবণতা?
উল্লেখ্য, বছর কয়েক আগে ১৯ নং জাতীয় সড়কের ধরলা মোড় থেকে বারোয়াড্ডা পর্যন্ত ছয় লেন সম্প্রসারণ হয়। দুর্ঘটনার রাশ টানতে বিভিন্ন মোড়ে ও সংযোগস্থলে উড়ালপুল, আন্ডারপাস করা হয়। তার সঙ্গে সার্ভিস লেন। কিন্তু পানাগড় থেকে বর্ধমানগামী যাওয়ার জাতীয় সড়কে ওঠার নেই কোনও অন্ডারপাস কিম্বা উড়ালপুল। প্রায় এক কিলোমিটার ঘুরপথে ম্যাট্রিক্স গেট এলাকায় থাকা আন্ডারপাশ দিয়ে ঘুরে আসতে হয়। আর ওই ঘুরপথের সার্ভিস লেনে বিপরীত দিক থেকে শিল্পতালুকের রাস্তার সংযোগস্থল। বিভিন্ন কারখানার পন্যবাহী গাড়িকে ওই উল্টো রুটে এসে জাতীয় সড়কে উঠতে হয়।
তার ওপর বেহাল সার্ভিস লেন। ফলে নিত্য যানজট লেগেই থাকে। আর বেশীরভাগ সময় যাত্রীবাহী দূরপাল্লার বাস নিজেদের ‘টাইম মেক-আপ’ করতে গিয়ে বাধ্য হয়ে ওই এক কিলোমিটার ঘুর পথকে এড়িয়ে চলে। এবং পানাগড় থেকে রেল ওভারব্রিজের কাছে ট্রাফিক নিয়মকে তোয়াক্কা না করে উল্টো রুটে ঢুকে পড়ে। প্রায় এক কিলোমিটার উল্টো রুটে এসে ধরলা মোড়ের কাছে আবারও ট্রাফিক নিয়মকে তোয়াক্কা, বেমালুম সঠিক রুটে ঢুকে পড়ে। আর এই রুট বদলের ফলে প্রায় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ওই একই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে। গুরুত্বপূর্ণ একটি সড়কে উল্টো রুটে যাওয়ায় প্রবণতার মাশুল যাত্রী বোঝাই বাসটি কন্টেনারের সঙ্গে ধাক্কা মারে।
যদিও বাস মালিক সমিতির দাবি, ‘জাতীয় সড়ক নির্মাণে পরিকল্পনায় ত্রুটি। যার দরুন বাস সহ সমস্ত যানবাহনকে পানাগড় থেকে জাতীয় সড়কে ওঠার সময় বিপাকে পড়তে হয়।’ পুলিশ জানিয়েছে,’ ঘটনার তদন্ত চলছে। ওই এলাকায় ট্রাফিক ব্যাবস্থায় কড়া নজরদারি রাখা হবে।’

