আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ জানুয়ারি: মঙ্গলবার উত্তর সাংগঠনিক মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপি কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অর্জুন সিং। সেখান থেকে সন্ধে নাগাদ তিনি আসেন মুর্শিদাবাদ জেলা বিজেপি কার্যালয় বহরমপুরে। আগামীকাল বহরমপুরে সাংগঠনিক সভা রয়েছে বিজেপির সেখানে উপস্থিত থাকবেন তিনি।
বহরমপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুরের বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া প্রসঙ্গে অর্জুন সিং বলেন, বিজেপি ১৮ কোটির দল, একজন গেলে বিজেপির কিছু এসে যায় না, তবে তিনি মন্ত্রী রয়েছেন দলের সাথে তার কোনওরকম মতবিরোধ থাকলে দলের অভ্যন্তরে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া উচিত। এদিন করোনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, করোনার বিধিনিষেধ শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, মুখ্যমন্ত্রী নিজেই সেই বিধিনিষেধ মানেন না। আসন্ন পৌর নির্বাচন নিয়ে কটাক্ষ করে তাঁর বক্তব্য, কলকাতায় যেভাবে ভোট লুট করা সম্ভব হয়েছে সেটা রাজ্যের অন্য কোনও মফস্বল পৌরসভায় করতে পারবে না তৃণমূল।

