‘সূর্য নমস্কার’ ইসলাম বিরোধী! স্কুলে ‘সূর্য নমস্কার’ করানোর কর্মসূচির বিরোধিতা মুসলিম ল’ বোর্ডের

আমাদের ভারত, ৪ জানুয়ারি: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অংশ হিসেবে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে সূর্য নমস্কার করানোর করর্মসূচি নিয়েছে মোদী সরকার। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। আজাদি কা অমৃত মহোৎসব পালনের অংশ হিসেবে পড়ুয়াদের সূর্য নমস্কার করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কিন্তু মুসলিম পার্সোনাল ল’ বোর্ড জানিয়েছে মুসলিম পড়ুয়ারা এই কর্মসূচিতে কখনোই অংশগ্রহণ করবে না।

মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের দাবি, সূর্য নমস্কার করার অর্থ সূর্যের পূজা করা। আর এটা ইসলামে বিশ্বাস করা হয় না।বোর্ডের তরফে মঙ্গলবার এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বোর্ডের জেনারেল সেক্রেটারি মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানি জানিয়েছেন, মুসলিম পড়ুয়ারা এই সূর্য নমস্কারে অংশগ্রহণ করবে না।

বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এদেশে বহু সংস্কৃতি, বহু ধর্মের মিলনক্ষেত্র। তার উপর ভিত্তি করেই দেশের সংবিধান লেখা হয়েছে। সরকারি স্কুলের পঠন পাঠনে কোনো বিশেষ ধর্মের শিক্ষা দেওয়ার কথা সংবিধানে বলা হয়নি। অথবা কোনো বিশেষ ধর্মীয় উৎসব উদযাপন করা যায় না। মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি অভিযোগ করেছেন, দেশের বর্তমান সরকার ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। তারা সংখ্যাগুরুর আদর্শ ঐতিহ্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্কুলে স্কুলে সূর্য নমস্কার করানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে দেশে তিন হাজার স্কুলে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। ১-৭ জানুয়ারি এই কর্মসূচি চলবে। পাশাপাশি ২৬ জানুয়ারি সূর্য নমস্কার নিয়ে একটি কনসার্টের আয়োজন করার কথাও বলেছে কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও দেশ ভক্তির পরিপন্থী বলে উল্লেখ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

ইউজিসি সচিব ইতিমধ্যেই দেশের এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ৪০ হাজারেরও বেশি কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। ৭৫ কোটি পড়ুয়াকে সূর্য নমস্কারে অংশ নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে কর্মসূচি। কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে ৩০ হাজার কলেজ ও বিশ্ববিদ্যালয় ৩ লক্ষ পড়ুয়াকে সূর্য নমস্কার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *