আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ জানুয়ারি: মাস্ক না পরে রাস্তায় বেরোলেই করানো হচ্ছে করোনার র্যাপিড টেস্ট৷ জলপাইগুড়ি জেলা প্রাশাসন ও পুরসভার পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সরকারি নির্দেশ না মেনে ব্যবসায়ীরা ব্যবসা করলে সাময়িক ভাবে সেই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক।
আজ সকালে মহকুমাশাসক সুদীপ পাল ও পুরসভার ভ্যাইস চেয়ারম্যান সন্দীপ পাহাত বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির প্রধান বাজার দিনবাজারের অভিযান শুরু করে। যে সমস্ত ব্যবসায়ী ও ক্রেতারা মাস্ক না পরে বেড়িয়েছে তাদের ধরে র্যাপিড টেস্ট করানো হয়। এখনো পর্যন্ত প্রায় ৩০ জন ব্যক্তিকে এই টেস্ট করানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই টেস্টে যদি কারো রিপোর্ট পজেটিভ আসে তাদের হাসপাতালে ভর্তি করা হবে। পাশাপাশি জেলার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলা শাসক নিজের দপ্তরে৷

বৈঠক শেষে জেলা শাসক মৌমিতা গোদারা বসু বলেন, জেলায় ৪টি সেফ হোম চালু করা হয়েছে এবং আরো ৪টি সেফ হোম নতুন করে আগামী চার পাঁচদিনের মধ্যে চালু করা হবে। পাশাপাশি করোনা নিয়ে জেলার সমস্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটদের একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জেলায় এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১৫ জন। জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি ২৫ জনের মতো। প্রতিদিন জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

