সাথী দাস, পুরুলিয়া, ১০ নভেম্বর: ভলিবলে প্রতিভাবানদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে মেলে ধরার জায়গা করে দিল পুরুলিয়া শহরের একটি সংস্থা। সংস্থার মাঠে আজ থেকে শুরু হয়ে গেল এই বিশেষ প্রশিক্ষণ শিবির। জেলার বিভিন্ন প্রান্তের বাছাই করা ২৮ জন খেলোয়াড়কে সাত দিন ধরে প্রশিক্ষণ দেবেন আন্তর্জাতিক মানের দুই প্রশিক্ষক। জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়া সফল দুই প্রশিক্ষক কামাল আলী খান এবং জয়দীপ সরকার খেলোয়াড়দের দেখে উচ্ছ্বসিত। তাঁরা প্রত্যয়ের সঙ্গে জানান, “এই জেলা থেকেই প্রশিক্ষিত ছেলেরা দ্রুত রাজ্য এবং জাতীয় স্তরে খেলবে।”

আজ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক আদিত্য এম হিরানি। তিনি নিজে প্রদর্শনী ম্যাচে অংশ নিয়ে উৎসাহিত করেন শিবিরে যোগ দেওয়া খেলোয়াড়দের।
আয়োজক মানস ক্লাবের অন্যতম সদস্য অরুণ কাটারুকা বলেন, “এবার মহিলাদেরও এই সুযোগ করার প্রস্তুতি নিচ্ছি আমরা।” এদিন দুই প্রশিক্ষককে পেয়ে উজ্জীবিত হয়ে উঠলেন খেলোয়াড়রা।

প্রসঙ্গত উল্লেখ, পুরুলিয়া শহরে ভলি বল খেলার চর্চা নিয়মিত হয়। বেশ কিছু স্কুল, ক্লাব মহিলা ও পুরুষদের প্রশিক্ষণ দিয়ে দল তৈরি করে। নজর কাড়া সাফল্য এলেও রাজ্য স্তরে দাগ কাটতে পারেনি। জেলায় প্রথমবার জাতীয় স্তরের প্রশিক্ষকদের নিয়ে অনুশীলন শিবির ভলি বল খেলার মান অনেকটাই উঁচুতে পৌঁছে দেবে বলে মনে করছেন জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্টস অ্যঅসোসিয়েশনের অন্যতম ক্রীড়া সংগঠক বৈদ্যনাথ মণ্ডল।


