আমাদের ভারত, হাওড়া, ১২ জানুয়ারি: বুধবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা দেশের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম জয়ন্তী। এদিন সকালে উলুবেড়িয়া পুরসভার উদ্যেগে ২৭ নং ওয়ার্ডের বিবেকানন্দ শিশু উদ্যানে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়।

এদিন সকালে মালা ও পুস্পার্ঘ্য দিয়ে বিবেকানন্দকে শ্রদ্ধা জানান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, প্রশাসক মন্ডলীর সদস্য ইনামুর রহমান, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরসভার প্রতিটি ওয়ার্ডে স্বামীজীকে শ্রদ্ধা জানানো হয়।
অন্যদিকে, এদিন সকালে আমতার নারিট মোড়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন এবং বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানান আমতার বিধায়ক সুকান্ত পাল। পরে দুপুরে আমতার বাকসিহাটে দুঃস্থ ব্যক্তিদের হাতে খাবার ও কম্বল তুলে দেন বিধায়ক সুকান্ত পাল।

অপরদিকে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে কোভিড বিধি মেনে স্বামীজীকে শ্রদ্ধা জানান উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।

