আমাদের ভারত, আরামবাগ, ১২ জানুয়ারি: মহকুমা আদালতের এক বিচারকের গাড়ি যাওয়ার সময় তাকে সাইড না দেওয়ার অভিযোগে এক টোটো চালককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল বিচারকের গাড়ির চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত টোটো চালকের নাম শেখ সেলিম। ঘটনাটিকে ঘটেছে আরামবাগের হসপিটাল মোড়ে। টোটো চালককে মারধরের প্রতিবাদে আরামবাগের হসপিটাল মোড়ে বেশ কিছুক্ষণ ধরে টোটো চালকরা পথ অবরোধ করে রাখে। খবর পেয়ে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। টোটো চালকদের দাবি, অবিলম্বে বিচারকের গাড়ির চালক ও দেহরক্ষীর শাস্তি চাই।
এলাকাবাসীদের অভিযোগ, আজ সকাল দশটা নাগাদ আরামবাগ স্টেশন থেকে বিচারকের গাড়ি যখন আসে ওই সময় একটি টোটো বিচারকের গাড়িকে সাইট না দেওয়ায় ওই টোটো চালকের সাথে বিচারকের চালক ও সিকিউরিটির সাথে বচসা বাধে, আর সেই বচসা থেকে শুরু হয় মারধর। এরপর স্থানীয়রা আহত অবস্থায় টোটো চালককে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এরপরই সমস্ত টোটো চালক মিলে আরামবাগ তারকেশ্বর রোডের হসপিটাল মোড় অবরোধ করে। এই ঘটনায় কয়েক ঘন্টা গোটা আরামবাগ জুড়ে টোটো বন্ধ করে দেয় সমস্ত টোটো চালকরা।
আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল এ বিষয়ে জানান, আহত টোটো চালককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

