মমতার বিরুদ্ধে মানহানি এবং গণহত্যা অস্বীকারের মামলার হুমকি বিবেক অগ্নিহোত্রীর

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৮ মে: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির এবং গণহত্যা অস্বীকারের মামলার হুমকি দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধের নির্দেশ প্রসঙ্গে জানাতে গিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সম্প্রতি বিজেপির দ্বারা মনোনীত হওয়া কিছু তারকা বাংলায় এসেছিল কিছু বিকৃত গল্প নিয়ে। তাঁরা নাকি একটি সিনেমা তৈরি করছে ‘বেঙ্গল ফাইলস’ নামে। তাঁরা তো কাশ্মীরী মানুষকে অসম্মান করার জন্য ‘কাশ্মীর ফাইলস’ তৈরি করেছিল। সাধারণ মানুষদের দোষ কোথায়? এখন তাঁরা কেরালাকে অসম্মান করছে। এবার তাঁরা নিজেদের ন্যারেটিভ দিয়ে বাংলাকে অসম্মান করবে।”

এর কিছুক্ষণ বাদেই বিবেকবাবু টুইটারে লেখেন, “এতে, আমি অনুমান করি, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমার কথা বলছেন। হ্যাঁ, খিলাফত কর্তৃক প্ররোচিত ডাইরেক্ট অ্যাকশন ডে গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে আমি বাংলায় এসেছি। আর গোপাল পাঁঠার ভূমিকায়। কেন আপনার ভয় হয়?

দ্য কাশ্মীর ফাইলস ছিল গণহত্যা এবং সন্ত্রাস নিয়ে। কিসের ভিত্তিতে কাশ্মীরি জনগণকে অপমান করা হয়েছে বলে আপনি মনে করেন? কোন রাজনৈতিক দলের অর্থায়নে আপনি এত বিদ্বেষপূর্ণভাবে বলছেন? আমি কেন আপনার বিরুদ্ধে মানহানির মামলা এবং গণহত্যা অস্বীকারের মামলা করব না? এ ছাড়াও, ছবিটির নাম ‘দ্য দিল্লি ফাইলস‘, ‘বেঙ্গল ফাইল’ নয়, এবং কেউ আমাকে চুপ করতে পারে না।”

প্রসঙ্গত, এর আগে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা অদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেনকে যুক্ত করে টুইটারে লেখেন, “আপনাদের অভিনন্দন, এমন এক সাহসী প্রচেষ্টার জন্য। একই সঙ্গে আপনাদের খারাপ খবরটি জানিয়ে রাখি, এখন থেকে আপনাদের জীবন আর আগের মতো থাকবে না। ভাবতে পারবেন না, এত ঘৃণা পাবেন সকলের কাছ থেকে। দমবন্ধ হয়ে আসবে। মাঝেমধ্যে ভাবনাচিন্তার শক্তি হারিয়ে যাবে, ভেঙে পড়বেন। কিন্তু মনে রাখবেন, যাঁরা ভার বহন করার ক্ষমতা রাখেন, ইশ্বর তাঁদেরই পরীক্ষা নেন।” সব শেষে পরিচালক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো রে…’ গানটির উল্লেখ করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *