আমাদের ভারত, ৮ মে: সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য কেরালা স্টোরি ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এই রাজ্যে ছবিটি প্রদর্শন করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঘৃণা ছড়ায় এমন কোনো ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না। আর মু্খ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএস জঙ্গি সংগঠন লাভ জিহাদের সমর্থক?
কোনো জেলায় এই ছবি প্রদর্শিত হচ্ছে কি না তাও খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে ছবির কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। তাঁর দাবি, সুপ্রিম কোর্টই বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন কোনো বিষয়কে প্রশ্রয় যেন না দেওয়া হয়। গোটা রাজ্যে শান্তি বজায় রাখতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক টুইট করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। সুকান্ত প্রশ্ন করেছেন, “ব্যর্থ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, কেন তিনি কেরালা স্টোরি নিষিদ্ধ করেছেন? যে সিনেমা জঙ্গি সংগঠন আইসিস বিরোধী এবং লাভ জিহাদ বিরোধী বার্তা দেয়। তিনি কি সেই লোকদেরই সুরক্ষা দিতে চান, যারা লাভ জিহাদে জড়িত এবং আইসিস মতাদর্শের সমর্থক? ” সুকান্ত দাবি করেছেন, মুখ্যমন্ত্রীকে পরিষ্কার করে উত্তর দিতে হবে। জনগণ দেখছে।
সুকান্ত মজুমদার লিখেছেন,”পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার মাধ্যমে যে গভীরভাবে হিন্দু ফোবিয়ার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এই কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত তার আরো একটি উদাহরণ। ” সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, “সুপ্রিম কোর্ট কেরালা স্টোরি নিষিদ্ধ করেনি, কিন্তু ব্যর্থ মুখ্যমন্ত্রীকে তার ভোট ব্যাঙ্ক বাঁচাতে এটি করতে হয়েছে।” তিনি জানিয়েছেন, মু্খ্যমন্ত্রীর জারি করা এই ফ্যাসিবাদী ফতোয়ার বিরোধিতা করছে বঙ্গ বিজেপি।”
একই সঙ্গে তিনি দাবি করেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিষিদ্ধ করেছেন তাতে অবাক হওয়ার কিছু নেই। এটি তার কাছ থেকে প্রত্যাশিত ছিল। কিন্তু সিনেমাটি সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং দেখানো হয়েছে কিভাবে ইসলামপন্থীরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদে ফাঁদে ফেলে, পরে আইএসআইএস জঙ্গি তৈরি করতে পাঠিয়ে দেয়। কিন্তু দিদি চোখ বন্ধ করে বাস্তবতা দেখতে চায়।”
সুকান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই রূঢ় বাস্তবতা থেকে পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষ করে নারীদের বঞ্চিত করতে চান। পশ্চিমবঙ্গে লাভ জিহাদের ঘটনা আখচার ঘটে। বরং লাভ জিহাদের ঘটনায় দেশের মধ্যে অন্যতম জায়গা এই রাজ্য। এই পরিস্থিতিতে মু্খ্যমন্ত্রীর জারি করা নিষেধাজ্ঞা আবারও প্রমাণ করেছেন রাজ্যে এই ধরণের ঘটনাকে তিনি সমর্থন করেন।”
প্রসঙ্গত আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মু্খ্যমন্ত্রী বলেন, “রাজনৈতিক দল আগুন নিয়ে খেলছে। জাতিগত ও ধর্ম নিয়ে বিভাজন ও বৈষম্যের সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিভাজনের রাজনীতি করার জন্য এ ধরনের ছবি তৈরি করা হয়েছে।”

