অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৮ মে: ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা নিয়ে আইনের আশ্রয়ের কথা জানালেন জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের প্রাক্তন প্রদেশ কার্যনির্বাহী সদস্য ডঃ রঞ্জন বন্দোপাধ্যায়।
সোমবার তিনি এই প্রতিবেদককে জানান, ”বহু চর্চিত ‘দ্য কেরালা স্টোরি’ যে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হবে, তা এক প্রকার নিশ্চিত ছিল। এখন বাঙালি পরিচালক কবে ফতোয়ার নামে দেশছাড়া হন, সেটাই দেখার।
ইস্কুল জীবনে একটি সিনেমা (অরবিন্দ স্বামী ও মনীষা কৈরালা অভিনীত) মালদা জেলার বেশ কয়েকটি সিনেমা হলে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে শুনেছিলাম। তিন দশকের মধ্যে মালদার সেই ছোট্ট জায়গাটার হাওয়া গোটা রাজ্যটিকে গ্রাস করেছে, সেটাও অজানা ছিল না। বামপন্থী তথা বুদ্ধিজীবীরা যে এবারও নিশ্চুপ থাকবেন— সেটাও অজানা নয়। তবে ভারতীয় চলচ্চিত্রের সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া একটি সিনেমা গোটা দেশের জনগণ দেখবেন— এটুকু গণতান্ত্রিক অধিকার এ রাজ্যের মানুষেরও আছে।
সামান্য আইন শৃঙ্খলার অবনতি হতে পারে ধরে নিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য সোচ্চারে ধিক্কার জানাই। আমরা কিন্তু আইনের আশ্রয় নেবো।”

