স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ডিসেম্বর: আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন। এদিন গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ক্যারলের সুর, প্রভু যীশুর প্রতি সমবেত প্রার্থনা। তবে এবছর করোনা সংক্রমণের কারণে রায়গঞ্জের মিশন মোড়ে অবস্থিত চার্চে বড়দিন উদযাপনের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন চার্চ কর্তৃপক্ষ। নির্দেশ জারি করা হয়েছে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার। নিষেধাজ্ঞা থাকছে চার্চে প্রবেশের ক্ষেত্রেও।

উল্লেখ্য, প্রতিবছর প্রভু যীশুর জন্মদিন অর্থাৎ ২৫ ডিসেম্বর রকমারি আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, আর সুদৃশ্য সজ্জায় সেজে ওঠে এই চার্চ। রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার থেকে হাজার হাজার মানুষ গির্জায় এসে উপাসনাস্থলে যীশুর উদ্দেশ্যে প্রার্থনা করেন। এই উপলক্ষ্যে বসে বিরাট মেলা। কিন্তু কোভিড সংক্রমন বদলে দিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। এই পরিস্থিতিতে এবার গির্জায় প্রচলিত উৎসব বাতিল করে দিয়েছেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, করোনা সংক্রমণের কারণে এবারে দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মূল গেটের সামনে ছোটো করে যীশুর শৈশব কালের ঘটনা তুলে ধরা হবে। সাধারণ মানুষ বাইরে থেকে তা দর্শন করবেন।

গির্জার বিশপ ফুলজেন্স এ্যালোগেন্স টিজ্ঞা বলেন,
“কোভিডের কারণে দর্শনার্থীদের এবারে গীর্জার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, সামাজিক দূরত্ব বিধি মেনে, মাস্ক পরে বাইরে থেকে প্রভু যীশুর জীবনী দেখতে পারা যাবে। এবছর মেলা ও অন্যান্য অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।”
উৎসবে কাঁটছাট করা হলেও প্রভু যীশুর জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন গীর্জা কর্তৃপক্ষ। সাজিয়ে তোলা হচ্ছে প্রার্থনা ঘর সহ গির্জার অন্যান্য প্রান্ত। তবে বর্ণময় উৎসবে এবছরও যোগ দিতে না পারায় মনখারাপ সকলের।

