স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ডিসেম্বর: রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ৷ সিসিটিভি ফুটেজের সূত্রধরে শুরু হয়েছে তদন্ত।

কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বিবেকানন্দ মোড়েই রয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। মঙ্গলবার গভীর রাতে ব্যাঙ্কের জানালা ভেঙ্গে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। বুধবার সকালে ব্যাঙ্ক খোলার পর দুষ্কৃতীহানার ঘটনা নজরে পড়ে ব্যাঙ্ক কর্মীদের। তারা দেখতে পান একটি জানালা ভাঙ্গা৷ এরপরেই খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতেই ২ দুষ্কৃতীর ছবি নজরে আসে পুলিশের। তবে ব্যাঙ্ক থেকে মূল্যবান কিছু চুরি গিয়েছে কি না তা নিয়ে ব্যাঙ্কের শাখা প্রবন্ধক কল্যাণ দাস এখনই কিছু বলতে
চাননি।

