সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২২ ডিসেম্বর: তিন মাস ধরে মিলছে না রেশন। রেশনের চাল, গম সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে দিচ্ছে ডিলার। এর প্রতিবাদে রেশন দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের খাবরাপোতা এলাকায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গোপালনগর থানার পুলিশ পৌছে উত্তেজনা সামাল দেয়।

গ্রামবাসীদের অভিযোগ, গোপালনগর থানার পাঁচপোতা, খাবরাপোতা, আরামডাঙ্গা, আশুরহাট, মোল্লাহাট সহ কয়েকটি গ্রামে রয়েছে কয়েক হাজার গ্রাহক। সেই সব গ্রাহকরা স্থানীয় ডিলার স্বপ্না রায়ের কাছ থেকে রেশনের মাল সংগ্রহ করে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে রেশনের মালপত্র দেওয়া বন্ধ করে দিয়েছে ডিলার। বুধবার রেশন দেওয়ার খবর পেয়ে সকাল থেকে কয়েক হাজার গ্রামবাসী দোকানের সামনে লাইন দেয়। দুপুরে তাদের জানানো হয় আজ রেশন দেওয়া হবে না। এরপরে উত্তেজিত হয়ে পড়ে বাসিন্দারা। তারা রেশন দোকানে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে। গ্রাহকদের অভিযোগ, তারা তিন মাস ধরে রেশন পাচ্ছেন না। প্রতি মাসে রেশন দেওয়ার কথা বলে, পরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তাদের অভিযোগ, পরিমাণে রেশনের মাল কম দেওয়া হয়। রেশনের মাল চুরি করে বিক্রি করছে ডিলার। যতক্ষণ পর্যন্ত সরকারি আধিকারিকরা এর বিহিত না করবে ততক্ষণ আন্দোলন চলবে বলে দাবি করেন গ্রামবাসীরা।
যদিও এই অভিযোগ অস্বীকার করেন রেশন ডিলার স্বপ্না রায়। তিনি বলেন, প্রতি মাসে গ্রাহকদের মাল দেওয়া হয়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।

