আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ ডিসেম্বর: বছর শেষে ফের সাফল্য পেল নোয়াপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইছাপুরের মায়া পল্লী থেকে অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত রকি দাস ও অনয় দে নামে এই দুই কুখ্যাত দুষ্কৃতিকে মঙ্গলবার রাতে একটি সেভেন এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ
হাতেনাতে ধরে নোয়াপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ২০২০ সালেও উত্তর ব্যারাকপুর পৌরসভার মহিলা কাউন্সিলার চম্পা দাসকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ধৃত রকি দাস’কে। তবে জামিনে জেল থেকে বেরিয়েই ফের দুষ্কৃতিক কাজকর্ম শুরু করে দিয়েছিল বলে পুলিশের কাছে খবর আসে। এরপর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং অস্ত্র সহ এই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।

এদিন ধৃত রকি দাস বলে, তার সাথে গ্রেপ্তার হওয়া তার অপর বন্ধু অনয় দে’র কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। অপর দিকে বছর ২২ -এর ধৃত অনয় দে নিজের কাছে অস্ত্র পাওয়ার অভিযোগ স্বীকার করে নিয়ে বলে তার কাছে যে অস্ত্র পাওয়া গেছে সেটা তাকে তার অন্য বন্ধু রাখতে দিয়েছিল। এই দুই দুষ্কৃতিকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।

