স্কুল খোলার পরেই করোনা পজিটিভ ২৯ জন ছাত্র-ছাত্রী, কল্যাণীর জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ঘটনায় আতঙ্ক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ডিসেম্বর: স্কুল খোলার পরেই একসঙ্গে ২৯ জন ছাত্র-ছাত্রী করোনায় আক্রান্ত। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ। নদিয়ার কল্যাণীর জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ঘটনা।

সূত্রের খবর, দুদিন আগে বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে জ্বর সর্দি কাশির লক্ষণ দেখা যায়। স্কুল কর্তৃপক্ষ তাদের কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করার জন্য পাঠায়। নমুনা সংগ্রহ করার পর ওই দুই জনের রিপোর্ট করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দুই ছাত্র যেহেতু স্কুলের প্রতিটি ছাত্র ছাত্রীর মধ্যে চলাফেরা করেছিল সেই কারণে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ২ দিন আগে জেলা স্বাস্থ্য দপ্তরের সাহায্যে স্কুলের মধ্যে আরটিপিসিআর ক্যাম্প বসানো হয়। মোট ৩২৪ জনকে করোনা পরীক্ষা করার পর ২৯ জন ছাত্রছাত্রীর রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ বলেন, এদিনও যাদের করোনা সংক্রমণ পরীক্ষা করার জন্য নমুনা নিতে বাকি ছিল তাদের প্রত্যেকে আমরা টেস্ট করিয়েছি। আগামী দিনে তাদের রিপোর্ট এলে বোঝা যাবে আরো করোনা সংক্রমণ রয়েছে কি না। তিনি বলেন, এখনো পর্যন্ত স্কুল খোলা থাকবে ভবিষ্যতে আমরা রিপোর্ট আমাদের দপ্তরে পাঠাবো এবং তারা যা নির্দেশ দেয় তা আমরা পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *