স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ডিসেম্বর: বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ডিপো পরিদর্শনে এলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন রায়গঞ্জের ডিপো চত্বর ঘুরে দেখার পাশাপাশি কী কী সমস্যা রয়েছে তা নিয়ে কথা বলেন আধিকারিকদের সঙ্গে।
উল্লেখ্য, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যে কটা ডিভিশন রয়েছে তারমধ্যে রায়গঞ্জ একটি। অর্থাৎ রায়গঞ্জ ডিপোতে ডিভিশনাল ম্যানেজারের দফতর রয়েছে৷ রয়েছে ডিপোর ওয়ার্কশপ৷ রায়গঞ্জ ডিভিশনের আওতায় রয়েছে বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, চাঁচোল, ফারাক্কা ডিপো। কিন্তু রায়গঞ্জ ডিপোতে থেকে অতীতে যে সমস্ত লাভজনক রুটে গাড়ি চলত বর্তমানে সেগুলো প্রায় বন্ধ৷ এমনকি কোভিডের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ধুবড়ি গাড়িটিও৷ এদিন রায়গঞ্জ ডিপোতে সমস্ত ডিপো ইনচার্জদের সঙ্গে বৈঠক করেন পার্থ প্রতিমবাবু। মূলত সংস্থার আয় বাড়াতে কী কী করণীয় তা নিয়েই আলোচনা সারেন তিনি৷ এদিন রায়গঞ্জ ভায়া গঙ্গারামপুর- ধুবড়ি বাস পুনরায় চালু করেন সংস্থার চেয়ারম্যান৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ প্রতিম রায় জানান, “সংস্থার আয় বাড়াতে যাবতীয় সমস্যা মিটিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ লাভজনক রুটে বাস চালাতে সংস্থা বদ্ধপরিকর বলেও জানান তিনি। রায়গঞ্জ ডিপো থেকে মায়াপুর বা হাজারদুয়ারীর মতো রুটে বাস চালানোর উদ্যোগ নেওয়া হবে৷ এছাড়াও পূর্ণিয়া, রাঁচি সহ প্রতিবেশী রাজ্যগুলিতে বাস চালানোর ব্যাপারে সংস্থা চিন্তা ভাবনা করছে বলে জানান তিনি৷ পাশাপাশি আগামী ২০২২-র মার্চের মধ্যে সংস্থার আয় মাসে ১৫ কোটি থেকে ২০ কোটিতে যাতে পৌঁছানো যায় তার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংস্থার চেয়ারম্যান।

