প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ২০ এপ্রিল:
ফের বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল পানিহাটি বিধানসভার ঘোলা চন্ডীতলা এলাকায়। গতকাল রাতে বাড়ি ফেরার সময় বোমায় আহত হন এক তৃণমূল কর্মী। ঘোলা চন্ডীতলায় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, তার দুই পা জখম হয়েছে আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আহত তৃণমূল কর্মী পরেশ দাস, পেশায় টোটাচালক। সোমবার রাত ১১টা নাগাদ তার গাড়িটি রেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘোলা চণ্ডীতলার কাছে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হন পরেশ দাস নামে ওই তৃণমূল কর্মী। তার দুই পায়েই গুরুতর ভাবে আঘাত লেগেছে। বোমা ফাটার কিছুক্ষণ পর ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারাই আহত পরেশ দাসকে উদ্ধার করে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র স্থানাতরিত করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমাবাজির ঘটনা ঘটিয়ে চলেছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে। স্থানীয় তৃণমূল নেতা বৈজনাথ সাহার অভিযোগ, “পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পানিহাটি এলাকায় হিংসা ছড়াচ্ছে। প্রশাসনকে ওই দুষ্কৃতীদের কথা জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। তবে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে প্রশাসনের ওপর।”
ইতি মধ্যেই ঘোলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই গোটা ঘটনা সম্পর্কে স্থানীয় বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোটের পর থেকে উত্তপ্ত পানিহাটির বিভিন্ন এলাকা। শনিবার ভোট পর্ব মিটতেই রাতে মুসলমান পাড়ায় বোমাবাজি হয়। পরের দিন রবিবার রাতে তিন বিজেপি নেতা কর্মীর বাড়ির কাছে রাস্তায় বোমা মারা হয়। বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও বোমা ছোড়ে দুষ্কৃতিরা। সোদপুর স্বদেশী মোড়ে বিজেপি’র একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়েও বোমা মারা হয়। এই ঘটনার পর উত্তেজিত বিজেপি কর্মীরা পাশেই তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ।

