স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ এপ্রিল: কাল বাদে পরশু ভোট, নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন। গতকাল ভোটের প্রচার শেষ হতেই আজ সকাল থেকে গ্রামে গ্রামে মানুষের মনে সাহস জোগাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ। বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে এলাকায় এলাকায় ঘুরলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

২২ এপ্রিল বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভার ভোটগ্রহন। ওইদিন সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহন প্রক্রিয়া। তার আগে ভোটাদের নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আশ্বাস দিতে এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করা হল। মঙ্গলবার সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের ছবি দেখা গেল। এদিন রায়গঞ্জ বিধানসভার মেহেন্দিগ্রাম, ধুরাইল, খলসী, বামুহা–সহ বেশ কয়েকটি গ্রামে রুটমার্চ করলেন ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিগত নির্বাচনগুলিতে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় ব্যাপক গন্ডগোল হওয়ায় এবার আগে থেকেই ভোটারদের মনোবল বাড়াতে এই রুটমার্চ বলে জেলা প্রশাসন সূত্রের খবর।

