Agitation, Bangaon, “রাস্তা চাই- বোর্ড নয়” স্লোগান তুলে বিক্ষোভ গ্রামবাসীদের, দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ জুন: পথশ্রী প্রকল্পে ৩৭ লক্ষ টাকা বরাদ্দ দেখিয়ে বোর্ড লাগানো হলেও বাস্তবে রাস্তার কাজ হয়নি, এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন চৌবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর পালপাড়া গ্রামের বাসিন্দারা। প্রায় ১৫ বছর ধরে বেহাল রাস্তার দুর্ভোগ সহ্য করতে করতে মঙ্গলবার ‘রাস্তা চাই, বোর্ড নয়’ প্ল্যাকার্ড হাতে নিয়ে ন’হাটা- গোপালনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে হাঁটু জল ও কাদার মধ্যে দিয়ে বাড়ি থেকে বের হতে হয়। স্কুল- কলেজের ছাত্র- ছাত্রী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অথচ ভোটের আগে পথশ্রী প্রকল্পের নাম করে ৩৭ লক্ষ টাকা বরাদ্দের বোর্ড লাগানো হলেও আজ পর্যন্ত রাস্তার কোনো কাজ হয়নি।

ঘটনাস্থলে পৌঁছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বোর্ড লাগানো হয়েছে, রাস্তা হয়নি। গ্রামের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। যারা পঞ্চায়েতে বসে দুর্নীতি ও জালিয়াতি করেছে, তাদের সবাইকে একদিন জেলে যেতে হবে। মানুষের টাকা লুট করে উন্নয়নের নামে প্রহসন করা হয়েছে।“

তিনি আরও আশ্বাস দেন, দ্রুত রাস্তা নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

এদিকে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। গ্রামের মানুষের একটাই দাবি, “বোর্ড নয়, চাই পাকা রাস্তা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *