টাকার বিনিময়ে জবকার্ড দেওয়ার অভিযোগে বাঘমুন্ডির মাঠা পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

সাথী দাস, পুরুলিয়া, ৭ সেপ্টেম্বর: জবকার্ড বিক্রি হচ্ছে পাঁচশো টাকায়। মিলছে না ১০০ দিনের কাজ। অভিমানে এলাকাবাসীরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার বাঘমুন্ডি থানার মাঠা গ্রাম পঞ্চায়েতে।

এই বিষয়ে গ্রামবাসী রথু মাহাতো, তাপস কালিন্দী, ভাদরি কালিন্দীরা জানান, “পঞ্চায়েতে তালা ঝোলাতে আমরা বাধ্য হয়েছি। কারণ, বহু আবেদন করেও ১০০ দিনের কাজের জব কার্ডের জন্য দিতে হচ্ছে ৫০০ থেকে ৯০০ টাকা। তাই আমরা ১০০ দিনের কাজের দাবিতে মাঠা অঞ্চলের বাসিন্দারা পঞ্চায়েতে তালা ঝুলিয়েছি। আমরা চাই না এমন প্রধান। এর পরিবর্তে জেলাশাসক দায়িত্ব নিক। তা না হলে আরও পিছিয়ে পড়বে এই পঞ্চায়েত।” তাঁরা আরও দাবি করে জানান, এই পঞ্চায়েতের সিবিআই তদন্ত করা দরকার। প্রচুর দুর্নীতি উঠে আসবে।

বাঘমুন্ডি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বসে আলোচনায়। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান মালতি হাঁসদা জানান, “এটা একটা চক্রান্ত। এলাকায় প্রচুর ১০০ দিনের কাজ চলছে এবং সকলেই কাজ পাচ্ছেন। বাকি জব কার্ডধারিও পাবেন কয়েকদিনের মধ্যে। তবু যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেই দিকটা দেখা হবে। সমস্যাও মিটবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *