সাঁকরাইলে পাকা রাস্তার দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ মে: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের প্রহরাজপুর থেকে ধোবাশোল পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পাকা রাস্তা করার দাবিতে একবছর আগে গ্রামবাসীরা পথ অবরোধ করেছিলেন। সাঁকরাইল ব্লকের ওই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মেরামত করা হয়নি। যার ফলে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। এক বছর আগে সাঁকরাইল ব্লকের বিডিও ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি মেরামতের পাশাপাশি দ্রুত পাকা রাস্তা করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। যার ফলে শুক্রবার সকাল থেকে ওই এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেছে। পাকা রাস্তার দাবিতে তাদের পথ অবরোধ চলবে বলে গ্রামবাসীরা জানান।

গ্রামবাসীদের পক্ষ থেকে বলা হয়, মিথ্যা প্রতিশ্রুতি নয় প্রকৃত কাজ চাই। তাই পাকা রাস্তার দাবিতে আমাদের অবরোধ অব্যাহত থাকবে। যার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে এলাকার সাধারণ বাসিন্দারা। পথ অবরোধের খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে যায় সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস এবং সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তারা অবরোধকারী গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তা সত্বেও গ্রামবাসীরা অবরোধ খুলতে নারাজ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *