টেন্ডার নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দুই গোষ্ঠীর কাজিয়ায় বন্ধ হয়ে গেল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিস

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মে: কাজের টেন্ডার নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল তুঙ্গে। রায়গঞ্জের বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি হেমতাবাদের তৃণমূল বিধায়ক তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য ও বাকি সদস্যদের কাজিয়ায় বন্ধ হয়ে গেল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিস।

দলের বিধায়কের কাছ থেকে অপমানিত হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি অফিস অনির্দিষ্টকালের জন্য তালাবন্ধ করে দিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যরা। যদিও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে দীর্ঘদিন ধরে টেন্ডার নিয়ে দুর্নীতির প্রতিবাদ করতেই পঞ্চায়েত সমিতির সদস্যরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে পঞ্চায়েত সমিতির অফিস তালাবন্ধ করে দিয়েছে। কাউকে ডেকে কোনও অপমান করা হয়নি।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এদিন ২৫ টি কাজের টেন্ডার ছিল। ঠিক তার আগের দিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাথে টেন্ডার নিয়ে বিধায়কের অফিসে কথাবার্তা চলাকালীন দু’পক্ষের মধ্যে ব্যাপক বাদানুবাদ হয়। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ অভিযোগ করে বলেন, বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সদস্যদের তাঁর অফিসে ডেকে নিয়ে চরম অপমান করেন। এর পাশাপাশি বিধায়কের অনুগামীদের দ্বারা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যারা অপমানিত হন বলে অভিযোগ। এরই প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিস বন্ধ করে দেওয়া হল। পঞ্চায়েত সমিতির অফিস বন্ধ রাখা হলেও সরকারি কর্মসূচি দুয়ারে সরকারে পঞ্চায়েত সমিতির সদস্যরা অংশ নেবেন। পঞ্চায়েত সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের দাবিকে সমর্থন করেছেন তৃণমূলের চেয়ারম্যান ও হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন।

এব্যাপারে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের ডাকেননি। এদিনের টেন্ডার নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যরাই তাঁর অফিসে এসেছিলেন। তিনি শুধু বলেছেন স্বচ্ছতার সাথে কাজের টেন্ডার করতে হবে। বিধায়কের পাল্টা অভিযোগ, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসে দীর্ঘদিন ধরে টেন্ডারের মাধ্যমে কাজ করানো হয় না। এক শ্রেণির দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত হয়ে টেন্ডার হয়। আমি শুধু এর প্রতিবাদ করে স্বচ্ছ টেন্ডার করার জন্য চেষ্টা করেছি। যাতে সবাই কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *