মালিকদের আন্দোলনের চাপে গোপীবল্লভপুরে আটক করা বালির গাড়ি কোনো ফাইন ছাড়াই ছাড়লো ভূমি দফতর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ মে: গাড়ি মালিকদের আন্দোলনের চাপে আটক করা বালির গাড়ি অবশেষে কোনো ফাইন ছাড়াই ছাড়লো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতর।

প্রসঙ্গত, গত ২০ মে শুক্রবার ওভারলোডিং নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি বলি বোঝাই গাড়ি আটক করে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতর। কিন্তু ঘটনার পর আটক করা কয়েকটি গাড়িতে ওভারলোড নেই এই অভিযোগে সরব হয় মা কালী ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। প্রথম থেকেই ঘটনার প্রতিবাদে গত ২৩ মে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানায় গাড়ি মালিকদের সংগঠনটি। কিন্তু তার পরেও কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতরের সামনে অবস্থানে বসলেন মা কালী ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের অভিযোগ ছিল, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধভাবে গাড়ি গুলিকে আটক করা হয়েছে। তাই গাড়ি মালিকদের দাবি ছিল পুনরায় মাপজোক করা হোক। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সারাদিনের বহু নাটকের পর অবশেষে ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে আটক করা বালির গাড়ি গুলো মাপজোক করার পর দেখা যায় গাড়িগুলোতে কোনো ওভারলোড নেই। ভূমি দফতরের দেওয়া ক্যারিং অর্ডারের মধ্যেই বালি রয়েছে গাড়িগুলিতে। সেই মতো সন্ধ্যায় প্রশাসনের তরফ থেকে মোট ৬ টি বালির গাড়ি কোনো প্রকার ফাইন ছাড়া ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *