পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড, সাফল্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের সংকলন ‘নিউজলেটার ২০২৬, ভলিউম ১২, ইস্যু ১’ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল। বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউজলেটারটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।
১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬— এই ছয় মাসের সময়কালের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড এই সংখ্যায় তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক দায়বদ্ধতা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন- সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিউজলেটারে স্থান পেয়েছে।
নিউজলেটার প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর প্রকাশনার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অর্জন, গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং বিভিন্ন কর্মকাণ্ডকে সুশৃঙ্খলভাবে নথিবদ্ধ করা অত্যন্ত জরুরি। প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও কার্যকর করার ক্ষেত্রেও এই ধরনের প্রকাশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের নিউজলেটার ভবিষ্যতেও ছাত্র- ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, গবেষক, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্র- ছাত্রী এবং অন্যান্য অংশীজনের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড ও সাফল্যের তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে নিউজলেটারটির সংকলন, সম্পাদনা, নকশা ও প্রকাশনার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

