Tree plantation, Kalaikunda, বন্যপ্রাণ সপ্তাহে কলাইকুন্ডায় বৃক্ষরোপণ ও সাইকেল র‍্যালি, সচেতনতার বার্তা বন দফতরের

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: বন্যপ্রাণ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নানা কর্মসূচির মাধ্যমে বন্যপ্রাণ সপ্তাহ পালন করছে খড়্গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জ। ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

সপ্তাহের বিভিন্ন কর্মসূচিতে কলাইকুন্ডা রেঞ্জের সমস্ত স্টাফ, আধিকারিক এবং বন সহায়করা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এরই অংশ হিসেবে সোমবার সকালে পশ্চিমবঙ্গ সরকারের ‘সেবায় যোগদান’ প্রকল্পের ভাবনাকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি একটি সাইকেল র‍্যালির মাধ্যমে এলাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয় বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা। বনকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যেও বন্যপ্রাণী রক্ষা, বন সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলাইকুন্ডা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণয় সরকার- সহ রেঞ্জের অন্যান্য বন আধিকারিক, কর্মী ও বন সহায়করা। সপ্তাহজুড়ে এই ধরনের আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *