জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর:
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC) এর মূল্যায়নে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবার বি ডবল প্লাস (B++) গ্রেড পেয়েছে। মূল্যায়নের এই নতুন গ্রেড প্রাপ্তির কথা জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু।
প্রতি পাঁচ বছর অন্তর ন্যাক বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করে থাকে। এর আগের বার এই বিশ্ববিদ্যালয় ‘বি প্লাস’ (B+) মর্যাদা অর্জন করেছিল। এইবারে মোট চার নম্বরের মধ্যে ২.৭৯ নম্বর পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। রাজ্যে এ পর্যন্ত যতগুলি বিশ্ববিদ্যালয় ন্যাক (NAAC) তার নতুন পদ্ধতি অনুসারে মূল্যায়ন করেছে তার মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল সবচেয়ে ভালো। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের মূল্যায়ন হয়েছে এবারে। উপাচার্যের মতে, লড়াই অসম থাকলেও বিশ্ববিদ্যালয়ের ফল এবার ভাল হয়েছে।

