অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: কলকাতার ১১টি মঞ্চে আয়োজিত হবে দুটি সঙ্গীত মেলা। ২৫ ডিসেম্বর তথা বড় দিনেই শুরু হচ্ছে বাংলা সঙ্গীতমেলা এবং বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বৃহস্পতিবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হবে এই উৎসব। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, বড়িশা ক্লাব ময়দান, চারুকলা পর্ষদ এবং সল্টলেকের রবীন্দ্র-ওকাকুরা ভবনে বসতে চলেছে সঙ্গীত মেলার আসর।
প্রতি বছরই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এই দুই মেলা করে থাকে। তবে গত বছর করোনা সংক্রমণের জেরে তা সম্ভব হয়নি। এবার ফের মেলা ফিরছে কোভিডবিধি মেনে। কলকাতা-সহ জেলার সঙ্গীতশিল্পীরা অংশগ্রহণ করেন এই মেলায়।
পাশাপাশি বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে থাকে নবীন প্রজন্মের শিল্পীরা। এবার বাংলা সঙ্গীতমেলা এবং বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব শুরু হবে ২৫ ডিসেম্বর, চলবে আগামী ১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় পাঁচ হাজারের বেশি সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী ও সঞ্চালকরা অংশ নেবেন এই দুই মেলায়।
দেশপ্রিয় পার্কে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবে বাংলার খ্যাতনামা বাংলা ব্যান্ড ও এবং নবীন ব্যান্ডগুলি। আর বড়িষা ক্লাব ময়দানে থাকবে বিভিন্ন স্টল। সেখানে পাওয়া যাবে সঙ্গীত বিষয়ক বিভিন্ন পুস্তক ও সিডি। এই দুই মেলা ঘিরে স্বপ্ন দেখেন জেলায় জেলায় থাকা প্রতিভাবান সঙ্গীতশিল্পী এবং লোকগীতির শিল্পীরা।

গগনেন্দ্র প্রদর্শশালায় ২৫ ডিসেম্বর ২০২১ থেকে ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি : সুবিনয় রায় ও ধনঞ্জয় ভট্টাচার্য’ শীর্ষক একটি প্রদর্শনী। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।
বাংলা সঙ্গীতমেলা উপলক্ষ্যে বড়িশা ক্লাব ময়দানে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত-বিষয়ক পুস্তক, সিডি, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে নানান স্বাদের খাবারের স্টল।

