সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৩ ডিসেম্বর: এবার নিম্নচাপের কারণে অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বেশকিছু কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। সেইসব কৃষকদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ, কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ, আত্মঘাতী কৃষকদের ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ প্যাকেজ সহ ফড়েদের দৌরাত্ম্য রোধ, স্থানীয় কিষাণ মান্ডিতে ন্যায্য মূল্যে ধান ক্রয় ও কৃষকের ফসলের ন্যায্য দরের দাবিতে আজ শালতোড়া ব্লক বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে ৭ দফা দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি সহ কৃষাণ মোর্চার নেতৃত্ব এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। এদিন মিছিল সহকারে শালতোড়া ব্লকের সামনে কৃষকদের নিয়ে প্রায় ১ ঘন্টা ধরে বিক্ষোভ দেখানো হয়। পরে শালতোড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দেন।

বিধায়ক চন্দনা বাউরি বলেন, সরকারকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যাহ্য ক্ষতিপূরণ দিতে হবে। সার ও বীজের কালো বাজারি শুরু হয়েছে। অবিলম্বে তা ব্যবস্থা নিতে হবে। তার দাবি কৃষকরা যাতে বিনামূল্যে সার ও বীজ পায় তারও ব্যবস্থা করতে হবে সরকারকে। স্থানীয় কিষান মান্ডিতে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন এবং রাজনীতির রং না লাগিয়ে কৃষকদের যেন কিষান ক্রেডিট কার্ড সরবরাহ করা হয় তার ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। এছাড়াও ৭ দফা দাবি নিয়ে এদিন আমরা শালতোড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিলাম। শালতোড়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার গিরি বলেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’

