আমাদের ভারত, আরামবাগ, ২২ ডিসেম্বর: আরামবাগে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো। ঘটনাস্থলে পুড়শুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে বুধবার আরামবাগের পুড়শুড়া থানার সোদপুরে।
পুড়শুড়ার বকুলতলা এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন হাজরা(৪৫) এদিন মাঠে চাষবাস সেরে সাইকেল চালিয়ে সোদপুর এলাকায় বাড়ি যাওয়ার সময় আরামবাগের দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারলে সাইকেল থেকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা ও পুড়শুড়া থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এক জন পথচারীও আহত হয়। তারও চিকিৎসা চলছে।
লরি ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ লরিটিকে আটক করেছে। চালক পলাতক।

