Modi, BJP, ভয়ের বিরুদ্ধে ভরসার জয়! কোড়া ধুতি- সাদা পাঞ্জাবিতে বাঙালি বাবু হয়ে অঙ্গ ও কলিঙ্গর পর বঙ্গ জয় সেলিব্রেট মোদীর

আমাদের ভারত, ৪ মে: অঙ্গ ও কলিঙ্গর পর বঙ্গ জয় করে বাঙালি বাবু সেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন নয়া দিল্লির সদর দপ্তরে। কোড়া রঙের ময়ূর পুচ্ছ ধুতি, সাদা পাঞ্জাবি পরে বাংলার জয় সেলিব্রেট করলেন দেশের প্রধানমন্ত্রী। দিল্লির সদর দপ্তরে তখন বাজছিল বাংলা গান। ২৬- এর যুদ্ধে বিজেপির নির্বাচনী গান, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।” বঙ্গ জয় নিশ্চিত হতেই মোদী বললেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভরসার জয়।

বাংলায় পতন হয়েছে তৃণমূল সরকারের। গেরুয়া সুনামি এনেছে বঙ্গবাসী। ২০০টির বেশি আসনে এগিয়ে পদ্ম শিবির। জয় নিশ্চিত হতেই কোড়া রঙের ময়ূর পুচ্ছ ধুতি ও সাদা পাঞ্জাবি গেরুয়া উত্তরীয় পরে দিল্লির সদর দপ্তরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের দিন ঐতিহাসিক। আজকের দিন ভরসার দিন। এক ভারত ও শ্রেষ্ঠ ভারত তৈরীর দিন। বাংলা, অসম, পদুচেরি ও তামিলনাড়ুর জনতাকে প্রণাম জানান। বলেন, আমাদের দলের প্রত্যেক কর্মীর মুখের হাসিতে আমি খুশি। একই সঙ্গে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন প্রবীণের প্রশংসা করেন তিনি।

সদর দপ্তরে যাওয়ার আগেই বাংলার জয় নিয়ে পোস্ট করেন মোদী। সেই পোস্টে তিনি লেখেন, ২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। বাংলার জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্খা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেবো যে সরকার সমাজের সকল স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

আগেই তিনি দাবি করেছিলেন বিধানসভায় ২০০-রও বেশি আসনে জয়ী হবে তাদের দল। সেই জয় এখন প্রায় নিশ্চিত। মোদী আজ বলেন, বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, এবার বদলা নয় বদল। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এবার ভয় নয়, লোকতন্ত্র জিতেছে। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হলো। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মার শান্তি পেল। তিনি বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পদ্ম ফুটেছে। বিহারে ভোটের পর তিনি বলেছিলেন গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়। এবার দেখার সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি কতটা ফলপ্রসূ করতে পারে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *