পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৩ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বিভিন্ন কারণে রাস্তায় বসবাসকারী অবলা প্রাণীদের মৃত্যু ঘটছে। কখনও গাড়ির ধাক্কায়, আবার কখনও মানুষের নিষ্ঠুরতার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে পথ কুকুর। এই ধরনের ঘটনা রুখতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পশুপ্রেমীরা নিজেদের মতো করে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শুধু মানুষকে সচেতন করলেই হবে না, পথ কুকুরদের শারীরিক সুরক্ষার দিকেও নজর দেওয়া জরুরি, এই ভাবনা থেকেই উদ্যোগী হয়েছেন খড়্গপুরের পশু চিকিৎসক ডক্টর শান্তনু রাউৎ। গত দু’দিন ধরে তাঁর চিকিৎসক বন্ধু ডক্টর চন্দন বিসুই- সহ কয়েকজন পশুপ্রেমীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় তিনি বেড়াচ্ছেন।

এলাকার পথ কুকুরদের অ্যান্টি- র্যাবিস টিকা দেওয়ার পাশাপাশি, জলাতঙ্ক সম্পর্কে সাধারণ মানুষকেও সচেতন করছেন তাঁরা। এর ফলে পথ কুকুর এবং তাদের সংস্পর্শে আসা মানুষের মধ্যে জলাতঙ্কের ঝুঁকি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা।

শুধু পথ কুকুরই নয়, পোষ্য কুকুরদেরও নিজের ক্লিনিকে বিনামূল্যে অ্যান্টি- র্যাবিস টিকা দিতে দেখা যাচ্ছে ডক্টর শান্তনু রাউতকে। পথপ্রাণীদের সুরক্ষায় এই উদ্যোগকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন শহরের পশুপ্রেমী ও সাধারণ মানুষ।


