পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ১১তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো ভারতীয় রেডক্রস সোসাইটির হলে। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধন করেন স্বামী দেবব্রতানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী কুমারেশ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি গোলাম মুস্তাফা সরকার, রাজ্য সাধারণ সম্পাদক চঞ্চল ঘোষ এবং উপদেষ্টা শিশির সরকার, শঙ্কর মাঝি সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ।
সম্মেলনে শিক্ষক ও শিক্ষা- কর্মীদের বিভিন্ন সমস্যা এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে শূন্য থাকা শিক্ষক ও শিক্ষা কর্মীদের পদে দ্রুত নিয়োগ, শিক্ষার গৈরিকীকরণের বিরোধিতা, শিক্ষক ও শিক্ষা কর্মীদের যথাসময়ে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান- সহ শিক্ষা সংক্রান্ত একাধিক দাবি সম্মেলনে উত্থাপিত ও আলোচিত হয়।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আশীষ কুমার মাজী ও কাশীনাথ ভঞ্জের নাম ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে বলে সম্মেলন সূত্রে জানা গিয়েছে।
সম্মেলন থেকে শিক্ষক ও শিক্ষা কর্মীদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষার স্বার্থে সংগঠনের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

